লোডশেডিংয়ের প্রতিবাদ এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এম. ডি. আনিসুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে দাবি সংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আন্দোলনকারীরা বলেন, দক্ষিণাঞ্চলে পায়রা ও তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হলেও বরগুনার মানুষ দীর্ঘদিন ধরে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাচ্ছেন। ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, অযৌক্তিক ডিমান্ড চার্জ বাতিল, ইউনিট মূল্য পুনর্বিবেচনাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, এক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. আমিনুর রহমান বলেন, ‘বরগুনা শহরে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে ৩ মেগাওয়াট। একইভাবে পল্লী বিদ্যুতেও চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এটি জাতীয় পর্যায়ের সংকট। বরাদ্দ বাড়লেই পরিস্থিতির উন্নতি হবে। আমরা গ্রাহকদের দুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা করছি।’
প্রতিনিধি/এমআই




