বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে শেখ শুবাইর রহমান বাবলু (৩৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) রাত দেড়টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ শুবাইর রহমান বাবলু খুলনার সোনাডাঙ্গা এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শেখ শুবাইর রহমান বাবলু রাতে মোটরসাইকেলযোগে মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। পথে পিলজংগের শ্যামবাগাত এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি মহাসড়কের পাশের একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
কাটাখালী হাইওয়ে থানার ওসি শেখ শাহাজাহান আলী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ শুবাইর রহমান বাবলু নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/টিবি




