আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য শেখ হাসিনার পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কোনো দল নেই। মানুষের কল্যাণে সমাজের অসঙ্গতি তুলে ধরা তাদের কাজ। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন বাস্তবতায় সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
রোববার ২ আগস্ট রাতে নোয়াখালী জেলার এখলাসপুর ইউনিয়নে ফুটবল টার্ফমাঠে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন তাহলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু বলেন, শেখ হাসিনার পতন হয়েছে। এখন দেশের মানুষ একটি নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্যে রয়েছে। এই সময়ে সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ীসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উচিত দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সাংবাদিকদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
বুলু বলেন, সাংবাদিকদের কাজ কোনো ব্যক্তি বা দলের পক্ষে অবস্থান নেওয়া নয়। বরং সত্য তুলে ধরা। জনগণ প্রকৃত তথ্য জানতে চায়, তাই বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত জরুরি। মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। এই দর্পণ যেন কখনো ম্লান না হয়। সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতাই গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ বিনোদন ও ক্রীড়া কার্যক্রম সাংবাদিকদের মানসিক প্রশান্তি এনে দেয়। এতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।
প্রীতি ফুটবল ম্যাচটি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকি, সদস্য শহীদুল ইসলাম কিরন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, সহ-সভাপতি এমবি আলম, সহ-সভাপতি, সহ-সভাপতি এস এম রিজোয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, যুগ্ম সম্পাদক মোজাম্মেল কামাল, যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন আজাদ কোষাধ্যক্ষ কামরুল কানন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন, দপ্তর সম্পাদক নাসিম শুভ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান, ক্রীড়া ও প্রচার সম্পাদক এবং ফজলুল কাদের রাজু, নির্বাহী সদস্য আকাশ মো. জসিম, নির্বাহী সদস্য এ কে এম আনোয়ার তোহা, মো. সালাহ উদ্দিন, সিরাজ উদ্দিন শাহিন, মুজাহিদুল ইসলাম সোহেলসহ সংগঠনের অনেকে।
প্রীতি ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পারফরম্যান্স। সংগঠনের আয়োজকরা জানান, সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিনিধি/এআরএম




