সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘১০ টাকার দ্বন্দ্বে’ শিশু হত্যা, তিনজন আটক

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

‘১০ টাকার দ্বন্দ্বে’ শিশু হত্যা, তিনজন আটক
নিহত মাহমুদা। ছবি: ঢাকা মেইল

ফরিদপুরে ‘১০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে’ দ্বিতীয় শ্রেণির ছাত্রী ৮ বছরের এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জেলার নগরকান্দা উপজেলার তারাকান্দি গ্রামে রেললাইনের পাশ থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। 

শনিবার রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের নিকট থেকে মাহমুদা (৯) নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ইদ্রিস মোল্ল্যার মেয়ে এবং চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিল।

আটকরা হলেন- জরিনা বেগম, ফাতেমা বেগম ও সূর্য মিয়া।

নিহত শিশুটির চাচা মিজানুর রহমান জানান, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাবলু শেখের সঙ্গে আমাদের বিরোধ চলছিল টাকা-পয়সা নিয়ে। এই কারণেই আমার ভাতিজিকে হত্যা করা হয়েছে।

তবে এ ঘটনায় আটক হওয়ার সময় এক নারীর এক মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। 

ওই ভিডিওতে শোনা যায়, বাবলু শেখের মেয়ে ফাতেমা আক্তার কাউকে বলছেন- ‘১০ টাকা নিয়ে বিরোধের জেরে আমার ভাতিজি ইট দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলেছে আমার চাচাতো বোন জান্নাতিকে’।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির পিতা ইদ্রিস আলি তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনের নামে মামলা করেছেন। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে আটক করেছি।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর