রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, লাখ টাকার জাল জব্দ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, লাখ টাকার জাল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ১ লাখ ৪ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারি, বাগ (ব্যাগ) জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার পাথরাজ, ময়দানদিঘী ও ঝলইশালশিরি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে ৮টি চায়না দুয়ারি জাল (আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা), ৭টি ছোট ফাঁসের বাগ (ব্যাগ) জাল (আনুমানিক মূল্য ৪৯ হাজার টাকা) এবং ৫ সেট কারেন্ট জাল (আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা) জব্দ করা হয়। জব্দকৃত ২০টি অবৈধ জালের মোট আনুমানিক মূল্য ১ লাখ ৪ হাজার টাকা। পরে আইন অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, অবৈধ চায়না দুয়ারি, বাগ জাল ও কারেন্ট জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কেউ অবৈধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতার পাশাপাশি এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে। জনস্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর