রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

‘নারী কেলেঙ্কারি’: বগুড়ায় জামায়াত নেতার রুকনিয়াত বাতিল

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

‘নারী কেলেঙ্কারি’: বগুড়ায় জামায়াতের নেতার রুকনিয়াত বাতিল
অভিযুক্ত জামায়াত নেতা নূর মোহাম্মদ আবু তাহের। ছবি: সংগৃহীত

‘নারী কেলেঙ্কারির’ অভিযোগে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) মোশাররফ হোসেনের রুকনিয়াত (সদস্য পদ) বাতিল করেছে দলটি।

শনিবার রাতে সংগঠনটির জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৩০ জুলাই অনুষ্ঠিত জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদের বৈঠকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। ওই সুপারিশের ভিত্তিতে জামায়াতে ইসলামীর আমির মোশাররফ হোসেনের রুকনিয়াত (সদস্য পদ) বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন।

এতে আরও বলা হয়, রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মোশাররফ হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তার ব্যক্তিগত বক্তব্য, কর্মকাণ্ড বা কার্যকলাপের দায় দায়িত্ব সংগঠন বহন করবে না।

বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, দলটি তার আদর্শ, গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হলে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে অভিযুক্ত মোশাররফ হোসেন সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে রাজি নন।

তবে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই ঘটনার পরে সেই নারীকে বিয়ে করার চেষ্টা করেন তিনি।

জামায়াতের জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। তিনি একজন নারীকে বিয়ে করতে চান। কিন্তু তার সে বিষয়টি আমাদের দলীয় শৃঙ্খলার সঙ্গে যায় না বলে মনে হয়েছে সংগঠনের। পরে সংগঠন থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, মোশাররফ হোসেন সংগঠনের রীতিনীতি ও নৈতিকতার পরিপন্থি কাজে জড়িয়ে পড়েছেন। এ কারণে আমিরে জামায়াতের সিদ্ধান্তে তার রুকনিয়াত বাতিল করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর