রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

সরকারি কাজে বাধা, রোহিঙ্গা নারীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

সরকারি কাজে বাধা, রোহিঙ্গা নারীর কারাদণ্ড
দণ্ড পাওয়া মোমিনা খাতুন। ছবি: ঢাকা মেইল

কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সরকারি আদেশ অমান্য ও কর্তব্যরত কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে মোমিনা খাতুন নামে এক রোহিঙ্গা নারীকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে লেদা ক্যাম্পের এফ ব্লকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত মোমিনা খাতুন লেদা ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা। 

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্র জানায়, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং অভ্যন্তরীণ সড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে সিআইসির নির্দেশনায় লেদা ক্যাম্প পুলিশ ফাঁড়ির সদস্যরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসআই (নিরস্ত্র) শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও হকারদের স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে এফ ব্লকে মোমিনা খাতুনের অবৈধভাবে নির্মিত একটি বসতঘর চিহ্নিত করা হয়। এ সময় সরকারি নির্দেশ অমান্য করার পাশাপাশি অভিযানে অংশ নেওয়া সদস্যদের সঙ্গে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ ওঠে।পরে সিআইসির নির্দেশে মোমিনা খাতুনকে আটক করে লেদা এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়। 

রোববার বিকেল ৩টার দিকে তাকে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সরকারি আদেশ অমান্যের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্ত মোমিনা খাতুনকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর