ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মায়ের দেওয়া অভিযোগে মাদকাসক্ত দুই ছেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এর আগে, তাদেরকে এক সাথে বসে মাদক সেবন করতে দেখে পুলিশকে খবর দেন মা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ছয় মাস করে সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া-(৪৫) ও মতি মিয়া- (২৬)। পরে দন্ডপ্রাপ্তদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে এই দুজন কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য তারা প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন। মা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। সম্প্রতি, মাদকের টাকার জন্য দুই ভাই আরো বেপরোয়া হয়ে ওঠেন এবং মাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন।
মাদকের টাকার জন্য তারা ঘরের জিনিসপত্রও বিক্রি করে দিতেন। রোববার সকালে মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করেন দুই ভাই। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের আসবাব ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন। পরে বাড়িতে বসেই তারা মাদক সেবন শুরু করেন। নিরুপায় হয়ে প্রতিবেশীদের সহায়তায় পুলিশকে খবর দেন মা। পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে সাজা দেন।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া ও মতি মিয়াকে মাদক সেবনের অপরাধে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন।
প্রতিনিধি/ এজে




