রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

পূর্ববিরোধের জের, নরসিংদীতে একজনকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

পূর্ববিরোধের জের, নরসিংদীতে গুলিতে নিহত ১
গুলিতে নিহত মোমেন মিয়া। ছবি: ঢাকা মেইল

নরসিংদীর রায়পুরায় পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

রবিবার উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

হত্যাকাণ্ডের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান।

নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। 

আহতরা হলেন- মৃত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০) ও কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)।

নিহতের স্বজন ও স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে দুই পক্ষের বিরোধ মীমাংসাও করা হলেও আবারও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেন মিয়ার বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালান। এ সময় মোমেন মিয়াকে মাথা ও পায়ে গুলি করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিনিতা জানান, মোমেন মিয়াকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তখন তার পালস ও রক্তচাপ পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর