ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক চা দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুশারিগাঁও গ্রামের চা দোকানদার শান্তি রানী এবং সুঁই রাম।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, দুপুরে বৃষ্টির সময় শান্তি রানীর চায়ের দোকানে অবস্থান করছিলেন সুঁই রাম। এ সময় আকস্মিক বজ্রপাত হলে দোকানটিতে আঘাত হানে। এতে শান্তি রানী ও সুঁই রাম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে বলে জানান ওসি।
এ আকস্মিক ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/ এজে




