রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

‘চাঁদা না দিলে লাশ পড়ে থাকবে’, হুমকির চিঠিতে আতঙ্ক

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

‘চাঁদা না দিলে লাশ পড়ে থাকবে’, হুমকির চিঠিতে আতঙ্ক

নাটোরের লালপুর উপজেলায় কয়েকটি পরিবারের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে হুমকিমূলক চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে। চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো না হলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় চিঠিটি রেখে যায় দুর্বৃত্তরা বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা চিঠিটি বাড়ির বারান্দায় রেখে যায়। পরে নারায়ণ কুমার পালের ছেলে অরুণ কুমার পাল চিঠিটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

আরও পড়ুন

বগুড়ায় জঙ্গলে গোপন আস্তানায় অভিযান, অস্ত্রসহ গ্রেফতার ৩

চিঠিতে বলা হয়, বিষয়টি কাউকে জানানো যাবে না। পালপাড়ার প্রতিটি হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে পাঠাতে হবে। অন্যথায় ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সদস্যদের হত্যা করা হবে। চিঠিতে একটি বিকাশ নম্বর উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর সেটি অন্য হিন্দু পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনার পর থেকে পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর