রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

ফরিদপুরে ১০ টাকা নিয়ে বিরোধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে ১০ টাকা নিয়ে বিরোধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে হত্যার অভিযোগ
মাহমুদা (৯)

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ১০ টাকা নিয়ে বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশের একটি পারিবারিক কবরস্থানের কাছে মাহমুদা (৯) নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ইদ্রিস মোল্লার মেয়ে এবং চার ভাইবোনের মধ্যে সবার ছোট।

শিশুটির চাচা মিজানুর রহমান বলেন, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় স্থানীয়দের বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

মিজানুর রহমানের দাবি, বাবলু শেখের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তার ভাতিজিকে হত্যা করা হয়েছে।

77f7b26c-87f6-4c77-bc2a-2f600dcdf9aa

এদিকে, এ ঘটনায় আটক করার সময় ধারণ করা এক মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে বাবলু শেখের মেয়ে ফাতেমা আক্তারকে বলতে শোনা যায়, ১০ টাকা নিয়ে বিরোধের জেরে তার চাচাতো বোন জান্নাতি ইট দিয়ে আঘাত করে মাহমুদাকে হত্যা করেছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তথ্যে ধারণা পাওয়া গেছে, অন্য একটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এর বাইরে অন্য কোনো কারণ বা অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর