কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উপকূলে সাগরের জোয়ারের স্রোতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বেড়িবাঁধের পাথরের ব্লকের ফাঁকে আটকে ছিল।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল ইসলাম।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বেড়িবাঁধের পাথরের ব্লকের মাঝখানে একটি মরদেহ আটকে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, সাগরের স্রোতে ভেসে আসা একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ৩১ জুলাই শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের মরদেহ এটি হতে পারে। তবে তদন্ত ও পরিচয় শনাক্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
গত ৩১ জুলাই শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও কয়েকজন নিখোঁজ ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, উদ্ধার হওয়া ১৮ জনই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।
উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই শেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/এজে




