শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

বন্ধ হয়ে গেল রংপুরের শেষ সিনেমা হল শাপলা টকিজও

রেজাউল করিম জীবন
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

বন্ধ হয়ে গেল রংপুরের শেষ সিনেমা হল শাপলা টকিজও
বন্ধ হয়ে গেল রংপুরে টিকে থাকা শেষ প্রেক্ষাগৃহ শাপলা টকিজ

একসময় রংপুর শহরের মধ্যে বিনোদন পিপাসু মানুষের অন্যতম গন্তব্য ছিল শাপলা টকিজ, দরদী হল, ওরিয়েন্টাল, লক্ষ্মী টকিজ, নূর মহল, চায়না টকিজসহ ১০টি সিনেমা হল। ঈদ-পার্বণসহ উৎসবের দিনগুলোতে নতুন চলচ্চিত্র মুক্তি পেলে টিকিটের জন্য দর্শকদের দীর্ঘলাইন দেখা যেত। ব্ল্যাকে চড়া দামে টিকিট কেটে সিনেমা দেখতো মানুষ। অথচ সময়ের ব্যবধানে একে একে সব হল বন্ধ হয়ে গেছে। গত কয়েকবছর ধরে একমাত্র শাপলা টকিজ টিকে ছিল। একদা সুনামের সঙ্গে চলা শাপলা টকিজ সম্প্রতি সময়ে বিতর্ক সৃষ্টিসহ দর্শকশূন্য ও দীর্ঘদিনের লোকসানের কারণে শুক্রবার থেকে বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এরই মধ্য দিয়ে সিনেমা হলশূন্য হয়ে পড়ল রংপুর। রংপুরে আর কোনো সিনেমা হল থাকলো না।

শনিবার (১ আগস্ট) দুপুরে সিনেমা হল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন হল ব্যবস্থাপক শাহাবুদ্দিন।

স্থানীয় ও প্রবীণ বিনোদন প্রেমীদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রিটিশ আমলে ভারতবর্ষে এ বাংলার রংপুরে প্রথম সিনেমা হল ছিল রংপুর ড্রামাটিক হল। পরে ব্রিটিশ শাসনের অবসান এবং ভারত-পাকিস্তান বিভক্তির পরপরই হলটির নাম পরিবর্তন করে মডার্ন হল রাখা হয়। তৎকালীন সময়ে শহরের মাঝখানে এ সিনেমা হল থাকলেও চারপাশে ছিল যেন জঙ্গলে ভরা। ওই সময় নাগিন ছবিটি হলে চলাকালে ওই সিনেমা হলের পর্দার সামনে সাপ চলে এলে আতঙ্কিত দর্শকরা পালিয়ে যান। তারপর থেকেই এই হলটি বন্ধ হয়ে যায়। পরে ভবনটি সংস্কার করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক ও থিয়েটার মঞ্চায়নের উপযোগী করে যার নাম রাখা হয় টাউন হল। বর্তমানে এটি উত্তরের জনপদ রংপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। সেই টাউনহলে নিয়মিত নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মডার্ণ হল বন্ধ হওয়ার পর রংপুরে একে একে গড়ে ওঠে শাপলা টকিজ, দরদী হল, ওরিয়েন্টাল, লক্ষ্মী টকিজ, নূর মহল, চায়না টকিজ, সেনাহলসহ মোট ১০টি সিনেমা হল। তবে ডিজিটাল মিডিয়ার উত্থান ও নিম্নমানের সিনেমার কারণে দর্শকসংখ্যা কমে যাওয়া এবং ব্যাবসায়িক মন্দার কারণে একে একে সব হল বন্ধ হয়ে যায়। সবশেষ শুক্রবার বন্ধ হলো একসময়ের সুনামের সঙ্গে বিনোদন বিলানো শাপলা টকিজ। এর মধ্য দিয়ে রংপুরে বাণিজ্যিকভাবে পরিচালিত শেষ সিনেমা হলটিরও পর্দা নেমে গেল আনুষ্ঠানিকভাবে।

হল মালিক সূত্রে জানা যায়, মরহুম মাসুম মিয়া সুস্থ বিনোদনের জন্য শাপলা টকিজ নামে এই হল নির্মাণ করেন। ১৯৭৮ সালের ১৬ জুন তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মাহে আলম হলটির উদ্বোধন করেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে শাপলা সিনেমা হলটি চলছিল। হলটির প্রতিষ্ঠাতা মারা যাওয়ার পরে মন্টু মিয়া হলটি পরিচালনার দায়িত্ব নেন। কিন্তু ধীরে ধীরে দর্শক কমে যাওয়ায় এবং লোকসানের কারণে তিনি হলটি ভাড়া দেন। হলটি ভাড়া নেন চলচ্চিত্র প্রযোজক কামাল হোসেন। হলটি ভাড়া নিয়ে লোকসান ঠেকাতে চুক্তি ভঙ্গ করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এতে হল মালিকের পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে তারা হলটি বন্ধ করে দিতে বাধ্য হন।

Hall1

হল মালিক পক্ষের প্রতিনিধি সাইদুর রহমান সুমন বলেন, হলটির প্রতিষ্ঠাতা আমার চাচা মরহুম মাসুম মিয়া খুব ভাল মানুষ ছিলেন। তিনি বেঁচে থাকাকালীন সময়ে অত্যন্ত সুনামের নিয়ে হলটি চলে। রংপুরের সব সিনেমা হল থেকে ভাল পরিবেশের হল নামে পরিচিত ছিল। অথচ তার হাতে গড়া প্রতিষ্ঠানে ভাড়ায় পরিচালিত হলে অনৈতিক কাজের অভিযোগ ওঠে। এটি আমরা মেনে নিতে পারিনি। ফলে রংপুর চেম্বারের নেতৃবৃন্দের সঙ্গে একাধিকবার বৈঠক করে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গতকাল শুক্রবার থেকে হলটি বন্ধ করে দেওয়া হয়। 

এদিকে শাপলা সিনেমা হল বন্ধ হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে রংপুরবাসী। তারা বলেন, শাপলা টকিজ বন্ধ হওয়ার মধ্য দিয়ে রংপুরের একটি ইতিহাস ও ঐতিহ্যের সমাপ্তি ঘটল। 

প্রবীণ সংস্কৃতি কর্মী আফজাল হোসেন বলেন, শাপলা টকিজ শুধু একটি সিনেমা হল ছিল না, এটি ছিল আমাদের ছেলেবেলার স্মৃতি। ঈদে পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখার আনন্দ আজ ইতিহাস হয়ে গেল। রংপুরের মতো বিভাগীয় শহরে কোনো সিনেমা হল না থাকা দুঃখজনক। এটি আমাদের সাংস্কৃতিক অবকাঠামোর দুর্বলতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হলো। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রুহুল আমিন বলেন, ওটিটি প্ল্যাটফর্মের যুগে সিনেমা হল টিকিয়ে রাখা সত্যিকার অর্থে কঠিন হলেও একটি বিভাগীয় নগরীতে অন্তত একটি প্রেক্ষাগৃহ থাকা উচিত। এই শাপলা হল বন্ধের মধ্যদিয়ে আমাদের সংস্কৃতির ক্ষতি হলো।

তবে হলের ভাড়াটিয়া চলচ্চিত্র প্রযোজক কামাল হোসেনের এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর