শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

লরির ধাক্কায় একমাত্র ছেলের মৃত্যু, শোকে হৃদরোগে আক্রান্ত বাবা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৮:৫৫ এএম

শেয়ার করুন:

লরির ধাক্কায় একমাত্র ছেলের মৃত্যু, শোকে হৃদরোগে আক্রান্ত বাবা

লরির ধাক্কায় একমাত্র ছেলের মৃত্যু সংবাদ শুনে বাবা কৃষ্ণচন্দ্র শীল হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শোকের মাতম চলছে পরিবারজুড়ে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় শান্ত চন্দ্র শীল (৩২) নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।

রাতে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁরির ইনচার্জ (ওসি) জাকির সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শান্ত চন্দ্র শীল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার উত্তরজয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কৃষ্ণচন্দ্র শীলের একমাত্র ছেলে। পেশায় তিনি চিকিৎসক ছিলেন।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জনি জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি লরি একই দিকে চলা একটি পিকআপকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের মোটরসাইকেল থাকা দম্পতিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তারা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনরা জানান, কৃষ্ণ চন্দ্র শীলের তিন সন্তানের মধ্যে শান্তই ছিলেন একমাত্র ছেলে। মাত্র কিছুদিন আগেই তার বিয়ে হয়েছিল। একমাত্র সন্তানের এমন মৃত্যুর খবর শোনার পরপরই বাবা কৃষ্ণচন্দ্র শীল হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর