শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই তরুণী

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই তরুণী
পঞ্চগড় প্রেসক্লাবে রাহেমীন মারিয়া এলিনের সংবাদ সম্মেলন (ইনসেটে প্রতিমন্ত্রীর ছবি)।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে মিথ্যা তথ্য প্রচার ও চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পঞ্চগড়ের তরুণী রাহেমীন মারিয়া এলিন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রাহেমীন মারিয়া এলিন বলেন, তিনি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের বিএসএস শেষ বর্ষের শিক্ষার্থী। পারিবারিক পরিচয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মারিয়া সরকার নাম ব্যবহার করেন। তিনি পঞ্চগড়ের বাসিন্দা এবং মুসলিম।

এলিনের দাবি, সামাজিক সংগঠনের একটি কর্মসূচি নিয়ে আলোচনার সময় নির্বাচনের প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে একটি রেস্তোরাঁয় তার ছবি তোলা হয়েছিল। সম্প্রতি প্রতিমন্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অশ্লীল ভিডিওর সঙ্গে সেই পুরোনো ছবি জুড়ে দিয়ে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে ভুল পরিচয় ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এলিন বলেন, ভাইরাল ভিডিওতে থাকা নারী তিনি নন। এরপরও তার ছবি ব্যবহার করে তাকে ভিন্ন পরিচয়ে উপস্থাপন করা হচ্ছে। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে মারাত্মক প্রভাব পড়েছে।

তিনি বলেন, উপস্থাপনার কাজের সূত্রে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তির সঙ্গে তার পরিচয় ও ছবি রয়েছে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কয়েক দিন আগে ব্যক্তিগতভাবে একটি পুরোনো ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন। পরে রাজনৈতিকভাবে ভুল ব্যাখ্যা হতে পারে আশঙ্কায় সেটি মুছে দেন। তার দাবি, কেউ ওই ছবি সংরক্ষণ করে পরে অপপ্রচারের কাজে ব্যবহার করেছে।

সংবাদ সম্মেলনে এলিন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার মানহানি করা হচ্ছে। তাকে হিন্দু তরুণী হিসেবে পরিচয় দিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

alin

এলিন বলেন, তার বাবা-মা দুজনই মারা গেছেন। অনেক কষ্ট করে লেখাপড়া ও নিজের ক্যারিয়ার গড়ে তুলছেন। কিন্তু এ ধরনের অপপ্রচারের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে এলিন বলেন, ভিডিওটির সত্যতা নিয়েও তার সন্দেহ রয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি হতে পারে অথবা অন্য কোনো ঘটনার ভিডিও হতে পারে বলে তিনি মনে করেন।

সংবাদ সম্মেলনে এলিন আরও অভিযোগ করেন, গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন সময় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোরও চেষ্টা করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং তার সম্মানহানির বিচার দাবি করেন এলিন।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর