ফেনীর ছাগলনাইয়ায় সরকারি জব্দকৃত বালু লোপাট, বালু সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং এ নিয়ে চলমান সহিংস ঘটনায় বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শাহজাহানপুরের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ছাগলনাইয়ার শুভপুর এলাকায় আদালতের নির্দেশে জব্দ অবস্থায় থাকা সরকারি বালুর স্তূপ থেকে আনুমানিক ২ লাখ ২৩ হাজার ৮৩০ ঘনফুট বালু লোপাটের ঘটনা ঘটে। বালু লোপাটের ঘটনায় বিএনপি নেতা আলমগীর সিদ্দিকী সরাসরি জড়িত ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন।
এছাড়াও ওই এলাকায় বালু ব্যবসার একক আধিপত্য ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সম্প্রতি স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু গুরুতর আহত হন। ২৫ জুন এ ঘটনায় আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ ছাগলনাইয়া থানায় একটি মামলা করা হয়।
ছাগলনাইয়া থানার ওসি মো. আবু তাহের জানান, ঢাকায় যৌথ অভিযান চালিয়ে আলমগীর সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। তাকে কিছুক্ষণ আগে ছাগলনাইয়ায় নিয়ে আসা হয়েছে। ২৫ জুনে রেকর্ডকৃত একটি মামলায় তিনি প্রধান আসামি। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।
ছাগলনাইয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানায়, গ্রেফতারকৃত আলমগীর সিদ্দিকী ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হবেন। এলাকায় একক আধিপত্য সৃষ্টি করতে তিনি নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়েছেন।
প্রতিনিধি/ এজে




