টাঙ্গাইল শহরের ডিসি লেকের কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনের পর তিনি নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
শুক্রবার (৩১ জুলাই) সকালে তিনি ডিসি লেক পরিদর্শন করেন। এ সময় লেকের পরিবেশ, পানির অবস্থা ও পরিচ্ছন্নতা ঘুরে দেখেন। পরে নিজ হাতে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি। তার ভাষ্য, ডিসি লেক শুধু একটি বিনোদনকেন্দ্র নয়, এটি টাঙ্গাইল শহরের পরিবেশ ও সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

তিনি বলেন, পর্যায়ক্রমে পুরো লেক পরিষ্কার করা হবে। ডিসি লেককে কেন্দ্র করে একটি পরিকল্পনা রয়েছে। এটিকে উন্নতমানের পর্যটনকেন্দ্রে রূপ দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। সম্প্রতি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান লেক ও চর এলাকা পরিদর্শন করেছেন। পরিকল্পনা অনুযায়ী ডিসি লেককে একটি মিনি পর্যটনকেন্দ্র এবং চর এলাকাকে বৃহৎ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে টাঙ্গাইলে একটি আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। লেকটি ব্যবহারোপযোগী ও আকর্ষণীয় করে তোলা গেলে টাঙ্গাইলবাসী একটি আধুনিক বিনোদনকেন্দ্র পাবে। পাশাপাশি লেকে মাছ চাষেরও পরিকল্পনা রয়েছে।

টাঙ্গাইল শহরকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, একটি পরিচ্ছন্ন টাঙ্গাইল গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।
এ সময় জেলা প্রশাসক শরিফা হক, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহিল কাফিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস




