শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে ‘তুই ফ্যাসিস্ট’ বলেই বিএনপিকর্মীকে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে ‘তুই ফ্যাসিস্ট’ বলেই বিএনপিকর্মীকে মারধরের অভিযোগ
বিএনপিকর্মী মো. শরীফ।

লক্ষ্মীপুরে এক আইনজীবীর বিরুদ্ধে ‘তুই ফ্যাসিস্ট’ বলে এক বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার অভিযোগ উঠেছে। এ সময় তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেছেন আহত বিএনপিকর্মী মো. শরীফ।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শরীফকে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে অভিযুক্ত আইনজীবী আনিসুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শরীফের সঙ্গে তার দেখা হয়েছে, তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘শরীফ মাদকাসক্ত। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

আহত শরীফ জানান, আনিসুল ইসলামের সঙ্গে তাদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে জেলা আদালতে একটি মামলাও বিচারাধীন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময় আনিসুল তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। ঘটনার দিন তিনি কিছু বুঝে ওঠার আগেই ‘তুই ফ্যাসিস্ট’ বলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়।

be1f23cc-931a-4759-85e4-245566752817

শরীফ আরও জানান, মাছের খাবার কিনতে মোটরসাইকেলে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় পৌঁছালে আনিসুল ইসলাম কয়েকজন সহযোগীকে নিয়ে তার পথরোধ করেন। একপর্যায়ে তাকে গালিগালাজ করে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখম হয়েছে বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগী শরীফ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির সক্রিয় কর্মী। অভিযুক্ত আনিসুল ইসলাম লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের একজন আইনজীবী এবং একই এলাকার বাসিন্দা।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ‘ঘটনার কথা শুনেছি। আমাদের কাছে লিখিত অভিযোগ এলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘এক ব্যক্তিকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর