বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি-সমর্থিত শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত-সমর্থিত মো. জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন।
জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সমরেন্দ্র নাথ দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে আংশিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাত ১০টা পর্যন্ত ৬টি পদের ফলাফল ঘোষণা করা হলেও বাকি পদগুলোর ভোট গণনা চলছিল।
ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল ওলি, জুনিয়র সহ-সভাপতি পদে শেখ মো. সাহিবুর রহমান সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুব মোর্শেদ লালন এবং অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে শেখ মনিরুজ্জামান নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার সমরেন্দ্র নাথ দত্ত বলেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন। এখন পর্যন্ত ছয়টি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি পদগুলোর ভোট গণনা শেষে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে।
বার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস. এম. নওরেজ মহীত, মো. রেজওয়ানুর রহমান মোল্লা এবং মেহেরুন্নেছা।
প্রতিনিধি/এলএ




