নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সনমান্দি ইউনিয়নের সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের জলাতঙ্ক (র্যাবিস) প্রতিরোধী টিকা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কয়েকটি শিয়াল ওই তিনটি এলাকায় ঢুকে পড়ে। এ সময় শিয়ালগুলো বিভিন্ন বাড়ির আঙিনা ও সড়কে থাকা মানুষকে কামড় দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতদের মধ্যে রয়েছেন সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, মো. লিটন, ফয়সাল, শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দী জামে মসজিদের ইমাম মিনহাজ, আব্দুল হাই, এক বৃদ্ধা নারী এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ ১৫ জন।
আহত দেলোয়ার হোসেন বলেন, ‘বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি শিয়াল এসে আমার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে। পরে স্বজনরা আমাকে হাসপাতালে নিয়ে যান।’
আরেক আহত মো. লিটন বলেন, ‘শিয়ালগুলো একের পর এক মানুষকে কামড় দিচ্ছিল। একজনকে আক্রমণ করে আবার অন্যজনের দিকে ছুটে যাচ্ছিল। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যান।’
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, শিয়ালের কামড়ে আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। সম্প্রতি এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। বন্যপ্রাণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।




