তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে মাগুরা জেলা পুলিশ। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে একটি আইফোনসহ ৩৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় হাতিয়ে নেওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান আল নাহিয়ানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, সাইবার প্রতারণা প্রতিরোধ এবং জনগণকে প্রযুক্তিনির্ভর সেবা দিতে জেলা পুলিশের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধ দমনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।




