শরীয়তপুর পৌর এলাকায় মোটরসাইকেল চুরি করতে এসে একটি বাইসাইকেল, এক জোড়া জুতা ও একটি ছাতা ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলের নিরাপত্তা সাইরেন বেজে উঠলে বাড়ির লোকজনের ধাওয়ায় তারা পালিয়ে যায়।
বুধবার (২৯ জুলাই) রাত প্রায় ২টার দিকে শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকার শাহজাহান বেপারির বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে থাকার সুযোগে কয়েকজন ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা উঠানে রাখা মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটির নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে সাইরেন বেজে ওঠে। শব্দ শুনে পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা ধাওয়া দিলে দুর্বৃত্তরা এক জোড়া জুতা ও একটি ছাতা ফেলে পালিয়ে যায়। পরে বাড়ির পাশের একটি ঝোপে একটি বাইসাইকেল পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, পালানোর তাড়াহুড়োয় সেটিও ফেলে যেতে বাধ্য হয় তারা। পরে বাইসাইকেলসহ ফেলে যাওয়া জিনিসপত্র উদ্ধার করে বাড়ির লোকজন নিজেদের হেফাজতে নেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। চোরের ফেলে যাওয়া বাইসাইকেল দেখতে অনেকেই সেখানে যান। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মোটরসাইকেলের মালিক শাওন বেপারি বলেন, ‘সাইরেনের শব্দ শুনে বাইরে এসে দেখি কয়েকজন দৌড়ে পালাচ্ছে। আমরাও তাদের ধাওয়া করি। ধরতে না পারলেও তারা একটি বাইসাইকেল, এক জোড়া জুতা ও একটি ছাতা ফেলে গেছে। জুতার সূত্র ধরে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
স্থানীয় বাসিন্দা রনি বেপারি বলেন, ‘এমন ঘটনা আগে দেখিনি। মোটরসাইকেল চুরি করতে এসে চোরেরা একটি বাইসাইকেল ফেলে পালিয়েছে।’
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




