নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৭৪০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাবা ও মেয়েকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
তবে প্রাথমিক তদন্তে মাদকের প্রকৃত মালিক হিসেবে এক ব্যক্তির নাম উঠে এসেছে, যিনি বর্তমানে পলাতক রয়েছেন বলছে পুলিশ।
আটকেরা হচ্ছেন, দুর্গাপুর পৌর শহরের কাচারিমোড় এলাকার শফিকুল ইসলাম (৫৬) ও তার মেয়ে নাজমুন নাহার খানম (২৩)।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাগিচাপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে আব্দুল জলিল আকন্দের বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকের বস্তায় রাখা ৭৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
জব্দ করা ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৬০ হাজার টাকা।
জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রাথমিক তদন্তে জব্দ ফেনসিডিলের প্রকৃত মালিক হিসেবে আব্দুল জলিল আকন্দের নাম পাওয়া গেছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে ।
প্রতিনিধি/ এজে




