বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

রাকসু ভবনে ‘অস্ত্রের কারখানা’ থাকার অভিযোগ ছাত্রদল নেতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

রাকসু ভবনে ‘অস্ত্রের কারখানা’ থাকার অভিযোগ ছাত্রদল নেতার
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয় এবং সেখানে অস্ত্র ও বোমা তৈরির কার্যক্রম চলে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। প্রেমঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে গ্রন্থাগারে হামলার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আবির হাসান হিমেল বলেন, রাকসু ভবনের ভিপি ও জিএসের কক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমা তৈরির প্রশিক্ষণ ও অস্ত্রচর্চা হয়। এ কারণেই সেখানে সিসিটিভি ক্যামেরা নেই বলে তার দাবি। তিনি বলেন, “রাকসু ভবনে পুলিশ অভিযান চালালে অস্ত্রের কারখানা পাওয়া যাবে।”

5909aa63-f7d1-4356-9198-3c885fac84a1

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগে সিসিটিভি ক্যামেরা থাকলেও রাকসু ভবনে তা নেই। কেন নেই, সে প্রশ্নও তোলেন তিনি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, কেন্দ্রীয় গ্রন্থাগারের মতো একটি স্থানে হামলার মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনার জন্য ছাত্রশিবিরের নেতাকর্মীদের দায়ী করেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি আরও অভিযোগ করেন, কিছু সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের হুমকি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হলে আইনের আশ্রয় নেওয়া উচিত। এ ক্ষেত্রে ছাত্রদল তাদের পাশে থাকবে বলেও মন্তব্য করেন।

মানববন্ধনে বক্তারা গ্রন্থাগারে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর