গাইবান্ধা সদর উপজেলায় অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও এজেন্ট অ্যাকাউন্টসম্বলিত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খোলাহাটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন খোলাহাটি দুলালের ভিটা গ্রামের আরিফুল ইসলাম আরিফ (৩২) ও সাগির আলম (৩১)।
পুলিশ জানায়, জব্দ করা দুটি মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনোর এজেন্ট অ্যাকাউন্ট এবং জুয়া পরিচালনার বিভিন্ন অ্যাপের অস্তিত্ব পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে গ্রেফতার দুজন এলাকায় অনলাইন ক্যাসিনো পরিচালনার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীন বলেন, তার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস




