হবিগঞ্জে কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগর এনসিপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজশাহী প্রধান কার্যালয় থেকে প্রতিবাদী মশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়ে আন্দোলনকে দমানো যাবে না। এ সময় তারা অনতিবিলম্বে হামলায় জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটির স্থানীয় শীর্ষ নেতারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন— রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী মো. মোবাশ্বের আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা শাখার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব আতিকুর রহমান, কেন্দ্রীয় যুব শক্তির সহ সাংগঠনিক সম্পাদক হযরত আনাস, রাজশাহী জেলা ছাত্র শক্তির আহবায়ক মোতালেব হোসেন, মহানগর ছাত্রশক্তির সদস্য সচিব বাশির আল হাদী, মহানগর এনসিপির যুগ্ন আহবায়ক সালাউদ্দিন বাপ্পিসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও এতে মহানগর এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিনিধি/টিবি




