মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এবার মিয়ানমারের বুচিডং টাউনশিপ থেকে একই পরিবারের পাঁচ রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানা গেছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মিয়ানমারের বুচিডং এলাকা থেকে আসা পরিবারটি টেকনাফের একটি দুর্গম সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে স্থানীয় একটি দালাল চক্রের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-২০ (এক্সটেনশন)-এ পৌঁছায়। রাত ১০টার দিকে তারা ক্যাম্পে প্রবেশ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বর্তমানে পরিবারটি ক্যাম্পের এস-১বি-৪ ব্লকে থাকা এক নিকটাত্মীয়ের বাসায় গোপনে অবস্থান করছে। অনুপ্রবেশকারী পরিবারে রয়েছেন একজন পুরুষ, একজন নারী, একজন কিশোরী ও দুই শিশু।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাতের কারণে জীবন বাঁচাতে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এ বিষয়ে বালুখালী ক্যাম্প-২০ এর ইনচার্জ হোসেন মুহাম্মদ আল মুজাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। তিনি পরদিন ক্যাম্পে গিয়ে খোঁজ নেওয়ার কথা জানিয়েছেন।
অন্যদিকে, ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ঘটনা সত্য হলে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির (এএ) মধ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্নভাবে সীমান্ত পেরিয়ে কিছু রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পে প্রবেশ করছে। এতে সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রতিনিধি/এসএস




