গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ বেগম আলো বলেছেন, গাইবান্ধার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও কর্মসংস্থানসহ সব খাতে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিতভাবে কাজ করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ বেগম আলো বলেন, পিছিয়ে পড়া ও দীর্ঘদিনের অবহেলিত গাইবান্ধাকে এগিয়ে নিতে তিনি জেলার দায়িত্ব নিয়েছেন। জেলার প্রতিটি উপজেলার সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উন্নয়নের সুফল যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সে লক্ষ্যেই কাজ করা হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সেলিম আহমেদ তুলিপের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, মাস্টার আব্দুল্লাহ, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, মইন প্রধান লাবু, আলাউদ্দিন মণ্ডলসহ আরও অনেকে।
প্রতিনিধি/এসএস




