গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছ সংরক্ষণ ও অবৈধ মৎস্য আহরণ রোধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে প্রায় তিন হাজার ফুট অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে পাঁচ কেজি পিরানহা মাছও জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী উপজেলার হরিপুর, বামনডাঙ্গা ও কঞ্চিবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, অভিযানে জব্দ করা প্রায় তিন হাজার ফুট কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া কঞ্চিবাড়ি ইউনিয়ন থেকে প্রায় পাঁচ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায় বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
প্রতিনিধি/এসএস




