রাজশাহীর পদ্মা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর একটার দিকে পদ্মা নদীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মঞ্জিল হক।
নিখোঁজ ব্যক্তিরা হলেন কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকার বাসিন্দা মো. আফছার আলী এবং তার ছেলে মো. জিয়ারুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে রাজশাহীর চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ বোঝাই করে আটজন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছানোর পর অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
নৌকাডুবির ঘটনা দেখে পদ্মা গার্ডেন এলাকার নদীতীরে থাকা অন্য নৌকার মাঝি ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। তাদের তাৎক্ষণিক চেষ্টায় আট যাত্রীর মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে আফছার আলী ও তার ছেলে জিয়ারুল হক নদীর প্রবল স্রোতে তলিয়ে যান।
খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবা-ছেলে কিংবা ডুবে যাওয়া নৌকার কোনো সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে ডুবুরি দল।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মঞ্জিল হক বলেন, “আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।”
প্রতিনিধি/এসএস




