মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

রুমার দুর্গম এলাকায় হাম উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

রুমার দুর্গম এলাকায় হাম উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম অঞ্চল লেতং খুমী পাড়ায় হামের উপসর্গ নিয়ে অসুস্থ আরও এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে রুমা উপজেলায় হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। বর্তমানে একই ধরনের উপসর্গ নিয়ে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং বান্দরবান জেলা সদর হাসপাতালে ৩৬ জনসহ মোট ৪১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহিন হোসাইন চৌধুরী।

তিনি জানান, গত শনিবার (২৫ জুলাই) সকালে স্থানীয়দের মাধ্যমে লেতং খুমী পাড়ায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়ার পরপরই দুইজন স্বাস্থ্যকর্মী ও একজন ভ্যাকসিনেটরকে সেখানে পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে সম্প্রতি মারা যাওয়া শিশুদের শরীরে হামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ দেখতে পান। তবে আগে মারা যাওয়া শিশুদের সরাসরি পরীক্ষা করার সুযোগ না থাকায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা অং সাই খুমী জানান, শনিবার ভোরে নয় বছর বয়সী পলিএং খুমী ও ছয় বছর বয়সী নাতয়ই খুমীর মৃত্যু হয়। এ দুজনসহ গত ১৫ দিনে রুমা উপজেলায় একই ধরনের উপসর্গে মোট আট শিশুর মৃত্যু হয়েছে।

গ্যালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো জানান, গত ২১ জুলাই তার ইউনিয়নের অংলাই ম্রো পাড়ায় হামের উপসর্গ নিয়ে কুপাও ম্রো (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের দেওয়া তালিকা অনুযায়ী মৃত শিশুরা হলো— ফ্রেলেএং খুমী (৫), খ্রেপা খুমী (১১), শইফ্রা খুমী (৫), প্রেটেম এং খুমী (৬), পলিএং খুমী (৯), প্রেটেমএং খুমী (৭), পও এং খুমী (৭) এবং কুপাও ম্রো (১৩)।

অং সাই খুমী বলেন, রুমা উপজেলা সদর থেকে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত লেতং খুমী পাড়া অত্যন্ত দুর্গম। মোটরসাইকেলে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত যাওয়ার পর আরও তিন থেকে চার ঘণ্টা পাহাড়ি পথ ও ঝিরিপথ পায়ে হেঁটে সেখানে পৌঁছাতে হয়। যোগাযোগব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় সেখানে নিয়মিত চিকিৎসক বা মেডিকেল টিম পৌঁছাতে পারে না। ফলে অসুস্থ শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। দারিদ্র্যের কারণেও অনেক পরিবার সময়মতো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি।

উপজেলা ইউনিসেফের ভ্যাকসিনেটর উ থোয়াই সিং মারমা বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশে লেতং খুমী পাড়ায় গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি ঘরেই শিশুদের মধ্যে হামের উপসর্গ রয়েছে। অনেক পরিবার আধুনিক চিকিৎসার পরিবর্তে গাছ-গাছড়া ও ভেষজ চিকিৎসার ওপরও নির্ভর করছে।

তিনি আরও বলেন, এক থেকে ছয় বছর বয়সী প্রায় ৩০ থেকে ৩৫ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। টিকাদানের সময় তিনজন শিশুকে সংকটাপন্ন অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে হাসপাতালে আনার পথে একজন শিশুর মৃত্যু হয়।

রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল হাসান বলেন, গত ৩ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৯ জন শিশু রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কোনো শিশুর মৃত্যু হয়নি।

তিনি আরও বলেন, যেসব শিশুর মৃত্যু হয়েছে, তারা বাড়িতে অথবা হাসপাতালে আনার পথে মারা গেছে। দুর্গম এলাকায় হাম উপসর্গের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সেখানে স্বাস্থ্যকর্মীদের বিশেষ টিম পাঠানো হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় রোগীদের হাসপাতালে আনা এবং শিশুদের টিকাদানে উদ্বুদ্ধ করার কার্যক্রম চলছে।

বান্দরবান জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৩৬ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহিন হোসাইন চৌধুরী ঢাকা মেইলকে বলেন, বর্তমানে হাম উপসর্গ নিয়ে ৩৬ জন রোগী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গে কোনো রোগীর মৃত্যু হয়নি। যেসব শিশুর মৃত্যু হয়েছে, তারা দুর্গম পাহাড়ি এলাকার নিজ বাড়িতে অথবা হাসপাতালে আনার পথেই মারা গেছে। দুর্গম এলাকায় স্বাস্থ্যকর্মীদের বিশেষ টিম পাঠানো হয়েছে। রোগী শনাক্ত হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এবং টিকাদান কর্মসূচিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই কাজে সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর