সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তানিয়া ইসলাম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. শাহ পরানের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামের নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তানিয়া ইসলাম বিষমডাঙ্গা গ্রামের মো. ছোরহাব আলীর মেয়ে। প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের পর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মো. শাহ পরানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা বিষমডাঙ্গা গ্রামেই বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তানিয়া ও তার স্বামী প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘরের ভেতরে তানিয়ার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবি, তানিয়াকে হত্যা করে তার স্বামী শাহ পরান পালিয়ে গেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি




