রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফরিদপুরে ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ইউনিয়ন ভূমি কর্মকর্তার টাকা গোনার সেই ভিডিওর স্ক্রিনশট

ফরিদপুরে ইমরান শেখ নামে এক ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সেবা গ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। 

রোববার (২৬ জুলাই) বিকেলে অফিসের চেয়ারে বসে ওই কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

দুই মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা এক সেবা গ্রহীতার কাছ থেকে চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এসময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন। তাকে বলতে শোনা যায়, ‘উনিও চল্লিশতম বিসিএস আমিও চল্লিশতম বিসিএস, উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখ বলেন, ‘এটি ঘুষের টাকা নয়, ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয় আবার ফেরৎ দিয়ে যায়। সেই ধারের টাকা ফেরৎ নেওয়ার সময়কার ভিডিও বলে তিনি দাবি করেন। তবে তিনি ধারের টাকা ফেরৎ দেওয়া ব্যাক্তির নাম পরিচয় জানাতে রাজি হননি।’

এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের মোবাইলে কল করা হলে রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘এর আগে আমি সরেজমিনে অফিসে গিয়ে তাকে না পেয়ে শোকজ করেছি। আজ তার বিরুদ্ধে ঘুষ হিসেবে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে বলেছি।’

তবে সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখ সেবা গ্রহীতার কাছ থেকে কত টাকা নিয়ে গুনেছেন, তা ভিডিওতে পরিস্কার বোঝা যায়নি।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর