বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

আড়াই মাসের মাথায় সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বদলি

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

আড়াই মাসের মাথায় সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বদলি
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। চট্টগ্রাম থেকে সোনারগাঁ থানায় যোগ দেওয়ার আড়াই মাসের মাথায় পুলিশ সদর দফতর এ আদেশ দিয়েছে।

রোববার (২৬ জুলাই) অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়।

গোলাম সারোয়ার এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের মে মাসে তিনি সোনারগাঁ থানায় যোগ দেন।

স্থানীয় সূত্র জানায়, সোনারগাঁ থানায় যোগদানের পর তার বিরুদ্ধে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে যোগসাজশ করে মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে। সম্প্রতি যুবলীগের এক নেতার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো নিয়েও সমালোচনা হয়। ওই শিক্ষার্থীর পরিবারের অভিযোগ ছিল, স্থানীয় বিএনপি নেতাদের চাঁদা না দেওয়ায় পুলিশের সঙ্গে যোগসাজশ করে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় প্রবাসফেরত এক ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও ওঠে গোলাম সারোয়ারের বিরুদ্ধে।

তবে এসব অভিযোগের বিষয়ে গোলাম সারোয়ারের বক্তব্য পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, পুলিশ সদর দফতর থেকেই তার বদলির আদেশ এসেছে। বদলির সুনির্দিষ্ট কারণ জেলা পুলিশকে জানানো হয়নি। তবে আইজিপির নির্দেশে পুলিশের একটি গোয়েন্দা দল বিভিন্ন থানার কর্মকর্তা ও সদস্যদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। ওই কার্যক্রমের সঙ্গে বদলির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ সদর দফতরই বলতে পারবে।

তিনি আরও জানান, আগামী ১ আগস্টের মধ্যে গোলাম সারোয়ারকে রংপুর রেঞ্জে যোগ দিতে হবে। এর মধ্যে সোনারগাঁ থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর