পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মহিপুর মৎস্য অবতরণকেন্দ্রে নিলামে মাছটি ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে এফবি জারিফ-তারিফ নামের একটি মাছ ধরার ট্রলারের জেলে দেলোয়ার মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি মহিপুর মৎস্য অবতরণকেন্দ্রের মেসার্স মনোয়ারা মৎস্য আড়তে তোলা হলে স্থানীয় ব্যবসায়ী ফারুক হোসেন নিলামে এটি কিনে নেন।
মেসার্স মনোয়ারা মৎস্য আড়তের ব্যবস্থাপক সগির আকন বলেন, বড় আকারের হওয়ায় ইলিশটি নিয়ে ক্রেতাদের মধ্যে বেশ আগ্রহ ছিল। প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে। এতে এর মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ৮২৫ টাকা।

জেলে দেলোয়ার মাঝি বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে গিয়ে জালে বড় এই ইলিশটি ধরা পড়ে। গত বছরের তুলনায় এবার বড় ইলিশের সংখ্যা কম হলেও এমন একটি মাছ পেয়ে তারা আনন্দিত।
একই ট্রলারের জেলে সোলমান বলেন, ট্রলারে বড় মাছ বলতে এটিই ছিল একমাত্র ইলিশ। বর্তমানে সাগরে বড় ইলিশ খুব একটা মিলছে না। তবে মাছটি বড় হওয়ায় ভালো দাম পাওয়া গেছে। তিনি বলেন, “বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও বড় ইলিশ মিলতে শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে ইলিশের উৎপাদন আরও বাড়বে।
প্রতিনিধি/এসএস




