রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন সাবেক সেনা সদস্য জাহিদুল ও কলেজ ছাত্র ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। 

সেনা সদস্য জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার মেঘাই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে এবং রাব্বী কুমিল্লার রাজাপাড়া লক্ষীনগর গ্রামের এম এ হান্নানের ছেলে।

মঙ্গলবার (২২ জুলাই) এ দুইজনের ডিএনএ সংগ্রহের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তারিকুল ইসলাম। 

তিনি জানান, গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক সন্দেহভাজন সাবেক সেনা সদস্য জাহিদুল ও কলেজ ছাত্র রাব্বীর ডিএনএ সংগ্রহের নির্দেশ দেন। তদন্তের স্বার্থে আমরা আদালেতের কাছে আবেদন করার প্রেক্ষিতে আদালত ডিএনএ সংগ্রহের অনুমতি দিয়েছেন। 

এর আগে এ মামলার প্রধান আসামি সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করে ক্রস-ম্যাচ করা হয়। 

এদিকে তনু হত্যা মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দেন আদালত। সাবেক সেনা সদস্য শাহিন আলম কুয়েতে পালিয়েছেন এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান কোথায় তা জানা যায়নি। 

অন্যদিকে এ মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি হাফিজুর রহমান বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তার লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর