গাজীপুরে গারদখানার রিসিভ ডেস্ক থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি মো. সম্রাট মন্ডলকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আবারও গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ (গাজীপুর) এবং র্যাব-১৪ (ময়মনসিংহ)-এর যৌথ দল র্যাব সদর দফতরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়।
র্যাব সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে গাজীপুর সদর থানার পূর্ব জয়দেবপুর এলাকায় অবস্থিত জিএমপি কোর্ট পুলিশের নিয়ন্ত্রাধীন গারদখানার রিসিভ ডেস্কের পাশে আসামিদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়। এসময় কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যান সম্রাট।
এ ঘটনায় গাজীপুর সদর থানার এসআই মঞ্জরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।
র্যাব আরও জানায়, সম্রাটকে এর আগে গত ১৯ জুলাই গাজীপুরের গাছা থানার কুনিয়া মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তিন সহযোগীসহ গ্রেফতারের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল।
র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বলেন, ‘সম্রাটকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’
প্রতিনিধি/এএইচ




