শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বগুড়ায় শ্যালককে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে দুলাভাই নিহত

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

বগুড়ায় শ্যালককে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে দুলাভাই নিহত
রঞ্জু মিয়া (৫০)

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শ্যালককে অপহরণের চেষ্টা ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে রঞ্জু মিয়া (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে জোবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৩৫) আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঘাষিড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রঞ্জু মিয়া ওই গ্রামের ফজলার রহমানের ছেলে। তিনি পেশায় গৃহনির্মাণ শ্রমিক ছিলেন। তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত জোবায়ের ও খোরশেদ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, ঘাষিড়া গ্রামে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। খোরশেদ আলম ওই কর্মকাণ্ডের বিরোধিতা করায় চক্রটির সদস্যদের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এর জেরে সোমবার রাতে বাড়ির সামনে একটি ইটভাটা–সংলগ্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ৫-৬ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোরশেদকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। খোরশেদের চিৎকার শুনে দুলাভাই রঞ্জু মিয়া ও তার ছেলে জোবায়ের এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিকভাবে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর