সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: ফয়জুল করীম

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, ‘এদেশের তৌহিদী জনতা ও আলেম-ওলামা বুলেটের সামনে দাঁড়িয়ে তাজা রক্ত ঢেলেছে। এই বাংলাদেশ দেখার জন্য আমরা আন্দোলন-সংগ্রাম করিনি, বুলেটের সামনে দাঁড়াইনি।’

সোমবার (২০ জুলাই) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত সংগঠনটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, ‘দেশের তরুণ ও ছাত্রসমাজ দেশ পরিবর্তনের জন্য বারবার রক্ত দিয়েছে। জনগণ বারবার প্রতারিত হয়েছে। জুলাই-২৪-এ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধসহ হাজারো ছাত্র জীবন দিয়েছে। কিন্তু যে বাংলাদেশ দেখার জন্য তারা জীবন দিয়েছে, আমরা এখনও সেই বাংলাদেশ পাইনি।’

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘আমাদের দাবি-দাওয়া মেনে নিন। তা না হলে দেশের তরুণ, ছাত্র, যুবসমাজ ও তৌহিদী জনতাকে নিয়ে আবারও আন্দোলন গড়ে তুলব। আপনারা আপনাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করুন।’

তিনি আরও বলেন, ‘এদেশে কাদিয়ানি ও হেজবুত তাওহীদকে অমুসলিম ঘোষণা করতে হবে। অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নে বরাদ্দ না থাকায় আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।’

বরিশালের মানুষের প্রাণের দাবি ছয় লেনের সড়ক, বরিশাল-ভোলা সেতু ও বরিশালে রেলপথ নির্মাণের দাবি জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘বরিশালে উন্নতমানের চিকিৎসাসেবা অবিলম্বে নিশ্চিত করতে হবে।’

2

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি যুবসমাজ। কিন্তু সঠিক কর্মসংস্থানের অভাবে কোটি যুবক বেকারত্বের অভিশাপ কাঁধে নিয়ে ঘুরছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেও যোগ্য চাকরি না পেয়ে অনেক তরুণ হতাশা ও মানসিক অবসাদে ভুগছেন। এই হতাশা থেকেই অনেকে মাদকের অন্ধকার জগতে পা বাড়াচ্ছেন।

তিনি বলেন, ‘মাদক শুধু একটি জীবন ধ্বংস করে না, একটি পরিবারকেও জীবন্ত লাশে পরিণত করে। মাদকমুক্ত, কর্মচঞ্চল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক লোকমান হাকীম, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফী, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর