গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দীর পলায়নের ঘটনায় কারাগারটির জেলারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই জেলারের নাম শিরিন আখতার। বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে এ সাময়িক বরখাস্ত করেছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে সেই জেলার প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
সুরক্ষা সেবা বিভাগ, কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলার শিরিন আখতারের দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে কারা অধিদপ্তর থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে।
কারা অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে নারী বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়ারা হলেন— মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা (২১) নামের ওই বন্দি কারাগারের দেওয়াল টপকে পালিয়ে যান।
জানা যায়, রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেওয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর অতিক্রম করেন। বিষয়টি জানাজানি হলে কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে পরে তাকে গ্রেফতার করা হয়েছে।
রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন।
এমআইকে/এআর




