দেশের সার্বিক দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় কিছুসময় সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।
পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভ চলাকালে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক একটি মন্তব্যের প্রতিবাদ জানিয়ে স্লোগানও দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দেশের দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে সোমবার (১৩ জুলাই) যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিনিধি/এসএস




