বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় বাঁধ ভাঙার আতঙ্কে ৩০ হাজার মানুষ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় বাঁধ ভাঙার আতঙ্কে ৩০ হাজার মানুষ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাঁধের সড়কে অসংখ্য জায়গায় ধস দেখা দিয়েছে। এতে বিভিন্ন গ্রাম ও হাটবাজারসহ অন্তত ৩০ হাজার মানুষ নতুন করে পানিবন্দি হওয়ার আশঙ্কা করছেন। পরিত্রাণ পেতে বাঁধটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।   
 
স্থানীয়দের ভাষ্য, বাঁধটির ঝুঁকিপূর্ণ জায়গাগুলো দ্রুত সংস্কার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তারা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
 
খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টির কারণে বাঁধের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে সড়কের একটি অংশ ধসে যায়। এতে পানি দ্রুত লোকালয়ে প্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়তে পারে।
 
দক্ষিণ শ্রীপুর গ্রামের বাসিন্দা আতাউর রহমান বলেন, বাঁধ যেভাবে ধসে গেছে তাতে এ সড়ক দিয়ে আর যাতায়াত করা যাচ্ছে না। এ অঞ্চলের মানুষ এ সড়ক দিয়েই চলাচল করেন। সেইসঙ্গে বৃষ্টি আর উজানের পানি নেমে আসায় যে হারে তিস্তা ও ব্রম্মপুত্র নদীতে পানি বাড়ছে তাতে খুব ভয় হচ্ছে আমাদের। ধসে যাওয়া জায়গাগুলো দ্রুত মেরামত না করা হলে সেগুলো দিয়ে পানি ঢুকবে গ্রামে।  

ইউপি সদস্য পলাশ মিয়া বলেন, এ বাঁধটি শ্রীপুর ইউনিয়নের প্রায় তিন কিলোমিটারজুড়ে। এ অংশে কমপক্ষে ১২টি জায়গায় ধস দেখা দিয়েছে। এখনই মেরামত করা না হলে চাপড়া, পুটিমারি, কুরুয়ার বাজার, বাবুর বাজারসহ কমপক্ষে ১০টি গ্রাম ও কয়েকটি হাটবাজার প্লাবিত হবে।
 
শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, গত বুধবার ও বৃহস্পতিবার দুদিনের টানা বৃষ্টিতে বাঁধের ওই সড়কের বেশ কয়েকটি জায়গায় ধস দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে আছে। সেইসঙ্গে তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি আরেকটু বাড়লেই লোকালয়ে পানি ঢুকবে। এতে করে শ্রীপুর ইউনিয়নের বাকি অংশ প্লাবিত হবে। নতুন করে পানিবন্দি হয়ে পড়বে আরও ৩০ হাজার মানুষ। ডুবে যাবে ফসিল জমি। গবাদিপশু নিয়ে পড়বে চরম বিপাকে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলির কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে।

প্রতিনিধি/ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর