রংপুরের পীরগাছায় ১০ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতার ব্যক্তি শিশুটির প্রতিবেশী দাদা।
শনিবার (১১ জুলাই) অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যার পর উপজেলার পাওটানা হাট থেকে শহিদুলকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামের শমেস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাছ ধরতে নিয়ে যাওয়ার কথা বলে ভুক্তভোগী শিশুকে অভিযুক্ত শহীদুল ইসলাম তার নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে নির্জনতার সুযোগ নিয়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন।
এসময় শিশুটির আত্মচিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে গেলে অভিযুক্ত শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বিষয়টি পীরগাছা থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত অভিযানে নেমে সন্ধ্যার পর উপজেলার পাওটানা হাট এলাকায় অভিযান চালিয়ে শহীদুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয় এবং আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এএইচ



