শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নেত্রকোনা সীমান্তে মাছ ধরতে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল পেল শিশুরা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনা সীমান্তে মাছ ধরতে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল পেল শিশুরা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ভবানীপুর এলাকায় একটি নালায় মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকজন শিশু একটি অবিস্ফোরিত মর্টার শেল খুঁজে পায়। পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেটি উদ্ধার করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। শেলটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ভবানীপুর সীমান্ত এলাকার একটি নালায় মাছ ধরার সময় কাদার নিচে প্রায় ৬০ মিলিমিটার আকারের একটি অবিস্ফোরিত মর্টার শেল দেখতে পায় শিশুরা।

বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী শেলটি নালা থেকে তুলে বাড়ির পাশে নিরাপদ স্থানে রাখেন এবং তাৎক্ষণিকভাবে ভবানীপুর বিওপিতে খবর দেন।

খবর পেয়ে ৩১ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি শনাক্ত করে। পরে নিরাপত্তার স্বার্থে সেটি বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা হয় এবং এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপুরের ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১৯৫/১০-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মর্টার শেলটি পাওয়া গেছে। এটি একটি অবিস্ফোরিত ৬০ মিলিমিটার মর্টার শেল।

লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে সমন্বয় করে শেলটি নিরাপদে নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে শেলটি ধ্বংস করার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

তিনি আরও বলেন, জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয়দের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর