রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ফ্রি ট্রেড জোনে মার্কিন বিনিয়োগ চায় চট্টগ্রাম চেম্বার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ১০:২০ পিএম

শেয়ার করুন:

ফ্রি ট্রেড জোনে মার্কিন বিনিয়োগ চায় চট্টগ্রাম চেম্বার
সিসিসিআই নেতাদের সঙ্গে ইউএস কমার্শিয়াল কাউন্সেলরের মতবিনিময়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম অঞ্চলে ঘোষিত ফ্রি ট্রেড জোনে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, কমার্শিয়াল কাউন্সেলরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের এ অঞ্চলে বিনিয়োগে উৎসাহিত করা যেতে পারে। ফ্রি ট্রেড জোনে বিনিয়োগকারীরা একটি ট্রেড লাইসেন্সের মাধ্যমেই ঝামেলামুক্তভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

বুধবার (১ জুলাই) বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্টের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চেম্বারের গণসংযোগ বিভাগের কর্মকর্তা মোকাম্মেল হক।

সভায় মোহাম্মদ আমিরুল হক বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজারও যুক্তরাষ্ট্র। তাই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার এটাই উপযুক্ত সময়। অর্থনৈতিক করিডোর, এক্সপ্রেসওয়ে, এমআরটি, বন্দর উন্নয়ন ও সংশ্লিষ্ট অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ রয়েছে। এসব খাতে বিনিয়োগ বাড়লে উভয় দেশই লাভবান হবে।

তিনি আরও বলেন, ব্যবসা, সামাজিক উন্নয়ন ও অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ব্যবসায়ী-টু-ব্যবসায়ী যোগাযোগ বাড়ানোর বিকল্প নেই। চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে তিনি মাতারবাড়ী ও সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রামের বে টার্মিনালের অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানান।

চেম্বার সভাপতি বলেন, বাংলাদেশ কারও কাছে ভিক্ষা চায় না; পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয় পক্ষের জন্য লাভজনক ভিত্তিতে কাজ করতে বাংলাদেশ আগ্রহী।

সভায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর ডেভিড মু বলেন, বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করতে যুক্তরাষ্ট্র কাজ করছে। বাংলাদেশে অনেক মার্কিন কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে, আবার অনেক প্রতিষ্ঠান নতুন করে পণ্য বাজারজাত করতে আগ্রহী। ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করা গেলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে।

কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট বলেন, এ বৈঠকের উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণ, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং তাদের প্রত্যাশা সম্পর্কে জানা। তিনি বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা আমেরিকান চেম্বার অব কমার্সের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারেন। পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সরকার ও বিডার সঙ্গে কাজ করছে। বিনিয়োগ আকর্ষণে সহজে ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় বক্তব্য দেন চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ ছালাম, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, সাবেক পরিচালক এস এম আবু তৈয়ব ও রাহবার এ আনোয়ার, ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হুসেইন, যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া, অ্যাগ্রিকালচার স্পেশালিস্ট তানভীর আহমেদ এবং পিডব্লিউসির অ্যাসোসিয়েট ডিরেক্টর (ডিজিটাল ট্রান্সফরমেশন) শাদাব মাহমুদ।

বক্তারা বলেন, উৎপাদনশীল শিল্প, প্রযুক্তি ও যন্ত্রপাতি খাতে মার্কিন পণ্যের সুনাম রয়েছে। বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক সম্মেলনে মার্কিন ব্যবসায়ীরা অংশ নিলে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে। এ ছাড়া কৃষি খাত, বন্ডেড ওয়্যারহাউস, তুলা ও ম্যানমেড ফাইবার খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানানো হয়।

এ সময় বাংলাদেশি শিক্ষার্থী ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের জন্য ভিসা ও পাসপোর্ট প্রক্রিয়া সহজ করা, চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কনস্যুলার অফিস স্থাপন, ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু এবং ঢাকা–চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে বিনিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সিডিএর চেয়ারম্যান বেলায়েত হোসেনসহ চেম্বারের পরিচালক, সাবেক পরিচালক, ব্যবসায়ী নেতা এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর