সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা করে আসামি ছিনতাই, মূলহোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা করে আসামি ছিনতাই, মূলহোতা গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত মূলহোতা ফয়সাল শেখকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।

গ্রেফতার ফয়সাল শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ২০ জুন দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় মাদক উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজা দেওয়ার প্রক্রিয়া চলার সময় তার সহযোগীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা ফয়সালকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা করেন। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়।

মামলার পর র‌্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে আত্মগোপনে থাকা ফয়সাল শেখকে গ্রেফতার করা হয়।

মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, গ্রেফতার ফয়সালের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর