রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

অতিরিক্ত ভাড়া: ২০০ থ্রি হুইলার আটকে রাখল বিএম কলেজের শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

অতিরিক্ত ভাড়া: ২০০ থ্রি হুইলার আটকে রাখল বিএম কলেজের শিক্ষার্থীরা

বরিশাল নগরীজুড়ে ব্যাটারি এবং গ্যাস চালিত থ্রিহুইলার চালকরা অতিরিক্ত ভাড়া চাওয়ায় দুই  শতাধিক গাড়ি আটকে রাখে শিক্ষার্থীরা। রোববার (২৮ জুন) সকালে নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে এসব গাড়ি আটক করে। 

এরপর দ্রুত সময়ের মধ্যে ভাড়া তালিকা নির্ধারণের আশ্বাসের বিকালে গাড়িগুলো ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এর আগে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা জানান, মাস খানেক ধরে বরিশাল নগরীতে ব্যাটারি চালিত ইজিবাইক, সিএনজি চালিত অটোরিকশা ও এলপিজি চালিত থ্রি হুইলার যানবাহনে ভাড়া নৈরাজ্য বিরাজ করছে। ন্যায্য ভাড়ার পরিবর্তে খেয়াল খুশি মত ভাড়া বাড়িয়েছে। কোনো ভাড়ার তালিকা না থাকার কারণে চালকরা পাঁচ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ বিষয়টি নিয়ে শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে। এমনকি অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় শিক্ষার্থীদের মারধরের ঘটনাও ঘটিয়েছে চালকরা। এ ঘটনার সুষ্ঠু সমাধান ও বিচার চেয়েও কোনো সমাধান আসেনি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন বলে জানান শিক্ষার্থীরা। 

বিএম কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র সাইফুল্লাহ বলেন, শতবর্ষ গেট ও মসজিদ গেটে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে থ্রি হুইলার যানবাহনগুলোর চালকদের কাছে ভাড়া জিজ্ঞাসা করেছেন। যারা ন্যায্য ভাড়া নিয়েছেন তাদের ছেড়ে দেওয়া হয়েছে আর যারা অযৌক্তিক ও জোর জবরদস্তি করে ভাড়া আদায় করছে তাদের গাড়ি ক্যাম্পাসের মধ্যে আটকে রাখা হয়েছিল। শতবর্ষ গেট ও মসজিদ গেট মিলিয়ে ২ শতাধিক থ্রি হুইলার যানবাহন আটক করা হয় বলে জানান তিনি।

বিএম কলেজের অধ্যক্ষ শেখ তাজুল ইসলাম বলেন, সোমবার বেলা ১১টার মধ্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকের সমন্বয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে গেছে।

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি। 

প্রতিনিধি/ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর