নাটোরের বাগাতিপাড়ায় মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মধু (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মধ্যবর্তী গরুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মধু লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লালমণিরহাট থেকে ছেড়ে আসা লালমণি এক্সপ্রেস মালঞ্চি রেলস্টেশন অতিক্রম করার সময় মধু রেললাইনের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস




