ডেঙ্গুর বিস্তার রোধ এবং কার্যকর চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন ও জনসচেতনতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।
সোমবার (২২ জুন) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সম্মেলনকক্ষে ‘ডেঙ্গু ব্যবস্থাপনায় ত্রুটি ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. শাহ আলম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন রামেকের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ। তিনি ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ, রোগীর ঝুঁকি নিরূপণ এবং সময়মতো চিকিৎসা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় অংশ নিয়ে রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন এবং বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বেলাল উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য খাতের সমন্বিত উদ্যোগ ও হাসপাতালগুলোর প্রস্তুতি আরও জোরদারের আহ্বান জানান।

মুক্ত আলোচনায় অংশ নেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, রামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জহিরুল হক, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আখতারুল ইসলাম, অর্থোপেডিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মনোয়ার তারিক (সাবু) এবং রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মো. ওয়াসিম হোসেন।
বক্তারা বলেন, ডেঙ্গু এখন আর শুধু রাজধানীকেন্দ্রিক সমস্যা নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও এর বিস্তার ঘটছে। তাই রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে। দ্রুত রোগ শনাক্তকরণ এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
সেমিনারে রামেবির কলেজ পরিদর্শক ডা. শাহ মো. বদরুদ্দোজা, উপ-কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মো. মনির-উল-ইসলামসহ রাজশাহী বিভাগের রামেবি-অধিভুক্ত মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজগুলোর অধ্যক্ষ এবং রামেকের প্রায় ৭০ জন শিক্ষক অংশ নেন।
প্রতিনিধি/এসএস




